শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা:সমগ্র দেশবাসীর নজর এখন ডাকসুতে

প্রকাশ : 08 Sep 2025
শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা:সমগ্র দেশবাসীর নজর এখন ডাকসুতে

সামসুল আলম সজ্জন: ৯ সেপ্টেম্বর ২০২৫। গণ-অভ্যুত্থান পরবর্তি সময়ে কালের পরিক্রমায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আরেকটি দিন। অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আরএকটা ডাকসু নির্বাচনের লক্ষে আশায় বুক বেঁধেছে ছাত্রসমাজ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীসহ গোটা দেশবাসীর নজর এখন ডাকসু নির্বাচনের দিকে। এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। তাঁদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ডাকসুর ইতিহাসে রেকর্ড সংখ্যক নারী প্রার্থীরা এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন।


সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন মোট ৪৫ জন প্রার্থী; সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন; সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন; ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন; ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন; সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন এবং ১৩ টি সদস্যপদের বিপরীতে মোট সদস্য পদ প্রার্থী ২১৭ জন।


নির্বাচনী প্রচারণার শেষদিন ৭ সেপ্টেম্বর সবকটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ প্রচারণার চেষ্টা চালিয়েছেন। এদিন উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে ছিল জিএস পদে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসুর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে হুইল চেয়ারে বসে নির্বাচনী প্রচারণা। প্রতিরোধ পর্ষদের পক্ষ হতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা ঐতিহাসিক বটতলায় শপথবাক্য পাঠ করেন। অপরাজেয় ৭১-অদম্য ২৪ এর পক্ষ হতে প্রচার মিছিল করা হয়।


গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ গতকাল বিকেলে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেছে।


ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা গতকাল ক্যাম্পাসে প্রচারপত্র বিলি করেছে। রাত ১০টার দিকে মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করেন তাঁরা।


উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরাও গতকাল সকাল থেকে প্রচার চালিয়েছেন। 


গতকাল বিকেলে ক্যাম্পাসের কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় ‘ডাকসু প্রার্থীদের ভাবনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তির লড়াই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এই আলোচনায় অংশ নিয়ে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বড় বড় অর্জন সেটা পানি পান করিয়ে, লাইব্রেরিতে বই দিয়ে বা ডাইনিংয়ের খাবারের মান উন্নত করে আসেনি। এসেছে সমাজের মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে।


একই অনুষ্ঠানে ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রসংগঠন অতীতে প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে, শিক্ষার্থীরা তাদের গ্রহণ করেনি।


সব মিলিয়ে প্রচারণার শেষ দিনে ব্যাস্ত সময় আর নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে কেটেছে প্রার্থীদের সময়। এখন সব মিলিয়ে অপেক্ষা কেমন থাকে নির্বাচনের পরিবেশ আর ভোটাররা কতটা স্বাচ্ছন্দ্যের সাথে ভোট দিতে পারেন! সমগ্র দেশবাসীর নজর এখন তাই জাতীয় নির্বাচনের মিনি রেপ্লিকা ডাকসু নির্বাচনের দিকে।


সম্পর্কিত খবর

;