নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী

প্রকাশ : 03 May 2026
নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, এ বছর কৃষকরা যত পরিমাণ ধান দিতে পারবেন, সরকার তা সংগ্রহে প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।


রবিবার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোণায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীের নির্দেশনায় কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনায় নিয়ে চাল সংগ্রহের নির্ধারিত সময় এগিয়ে আনা হয়েছে। এর ফলে কৃষকরা দ্রুত ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, নেত্রকোণার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, বিএনপি নেতা মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, শফিকুল কাদের সুজা, সালাউদ্দিন খান মিল্কীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।


জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নেত্রকোণায় ২ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।


আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

সম্পর্কিত খবর

;