স্টাফ রিপোর্টার: জ্বালানি খাতকে মাফিয়া ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে। এই নীতিমালা হবে দেশের ও জনগণের জন্য, কয়েকটি কোম্পানি বা কয়েকজন মানুষের জন্য নয়।
মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুৎ না থাকায় মানুষ অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। বিভিন্ন শিল্পকারখানায় বিদ্যুৎ না থাকলে উৎপাদন ব্যাহত হয়, মানুষের আয় কমে যায়। আয় কমে গেলে দেশ আরও দরিদ্র হয়। বিগত দেড় দশকে শেখ হাসিনার প্রতিষ্ঠিত জ্বালানি নীতির ফলাফল এখন মানুষ ভোগ করছে।
তিনি বলেন, জ্বালানি খাত কয়েকজন মাফিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল। সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। কুইক রেন্টাল কোম্পানির মাধ্যমেও অর্থ পাচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁদের বিচার যাতে করা না যায়, সে জন্য ইমিউনিটি জারি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্তমান বিদ্যুতের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মাফিয়ার হাত থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নীতিমালা তৈরি করছেন। আগামী সংসদে তা উত্থাপন করা হবে।
পরিবেশ দূষণ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বর্তমানে মানুষের বিভিন্ন জটিল রোগের সংখ্যা বেড়েছে। এর কারণ পরিবেশ ও বায়ুদূষণ। এ অবস্থা থেকে বের হয়ে আসতে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পরিবেশ রক্ষায় চারপাশে ময়লা-আবর্জনা ও প্লাস্টিকজাতীয় বর্জ্য না ফেলার আহ্বানও জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী বিএনপির আদর্শ ধারণ করে তাঁরা রাষ্ট্র বিনির্মাণের কাজ করছেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জিত হয়েছে। এরপর বিভিন্ন সময়ে দেশে স্বৈরাচার এসেছে এবং প্রতিবারই বিএনপির নেতা-কর্মীরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।
তিনি বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছিল। পরে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে।
ইশরাক হোসেনের দাবি, গত দেড় দশকে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েম করে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের ব্যাংক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের কর্মক্ষম করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শুধু ছাত্রদলের ১৪৮ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাঁদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালের পরে কোথায় ছিল জামায়াত-শিবির? আন্দোলন-সংগ্রামে তাদের দেখা যায়নি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তারা কোনো রকম গা বাঁচিয়ে বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল। বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, এখন যারা জামায়াত-শিবিরের নেতা, তাঁরা আগে ছাত্রলীগ করতেন। ছাত্রলীগ যখন ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের ওপর অত্যাচার করত, তখন তাঁরাও সেই অত্যাচারীদের সঙ্গে ছিলেন। অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন—এমন বক্তব্য হাস্যকর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী রাষ্ট্রগুলোর ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক বাস্তবতার সঙ্গে বাংলাদেশের বাস্তবতার কোনো মিল নেই। তাই অভিবাসীদের মনোজগত বা অভিজ্ঞতার চশ ...
স্টাফ রিপোর্টার:এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০২৬ এর নির্বাচনে প্রাণহানি সহিংসতা অন্য নির্বাচন গুলোর চেয়ে কম হয়েছে সত্য কিন্তু এর কৌশলগত ম্যানিপুলেশন নবরূপ লাভ করেছে। নির্বা ...
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কোনো নির্দিষ্ট দলীয় ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব শ্রেণি-পেশা ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও আত্মত্যাগের সার্বজনীন স্মৃতিশালা হিসেবে গড়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। দলটির চেয়ারম্ ...
সব মন্তব্য
No Comments