যাদু মিয়ার দূরদর্শিতায় জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান: তথ্যমন্ত্রী

প্রকাশ : 21 Jul 2026
যাদু মিয়ার দূরদর্শিতায় জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান্তর সম্ভব হয়েছিল। এই রূপান্তরের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক ধারা শক্তিশালী হয়।


আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, মশিয়ূর রহমান যাদু মিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন জীবন্ত সাক্ষী ও প্রজ্ঞাবান নেতা। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে বন্দি থাকা জাতীয় নেতাদের অন্যতম ছিলেন তিনি। ফলে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও বিশ্লেষণ ছিল অত্যন্ত সমৃদ্ধ ও বাস্তবভিত্তিক।


তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের প্রচলিত রাজনৈতিক ধারাগুলো নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছিল। কৃষক-প্রজা পার্টি, মুসলিম লীগসহ বিভিন্ন শক্তির ভূমিকা তখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল এবং বাম রাজনৈতিক ধারাও জাতীয় সংকটের কার্যকর সমাধান দিতে পারেনি।


জহির উদ্দিন স্বপন বলেন, সেই কঠিন সময়ে যাদু মিয়া উপলব্ধি করেছিলেন জাতির সামনে নতুন রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। সেই উপলব্ধি থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনৈতিক নেতৃত্বে নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে তা সম্পন্ন করেন। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ, বিএনপির প্রতিষ্ঠা, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবায় নিয়োজিত সরকারের ধারাবাহিকতা—সবকিছুর পেছনে যাদু মিয়ার দূরদর্শী ভূমিকা রয়েছে।


তিনি আরও বলেন, যদি সেই সময় জিয়াউর রহমান সঠিক রাজনৈতিক প্রক্রিয়ায় একজন জনপ্রিয় নেতায় রূপান্তরিত না হতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা এবং বর্তমান রাষ্ট্র পরিচালনার বাস্তবতা ভিন্ন হতে পারত। তথ্যমন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


সম্পর্কিত খবর

;