বিমানের অসুস্থ পাইলটের উন্নত চিকিৎসায় সহযোগিতা প্রদান করা হবে--বিমান প্রতিমন্ত্রী

প্রকাশ : 28 Aug 2021
No Image

ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের সুস্থতার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

আজ বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সাথে টেলিফোনে আলাপকালে অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে এতথ্য নিশ্চত করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। গত ২৭ আগস্ট ওমানের মাস্কট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন। তার চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বক্ষণিক তদারক করছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে এর পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পরবর্তীতে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত খবর

;