জামায়াতের মজলিসে শূরার অধিবেশন

যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ: আমীরে জামায়াত

প্রকাশ : 26 Jun 2026
যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ: আমীরে জামায়াত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আজ শুক্রবার, ২৬ জুন সকাল সাড়ে ৯টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গণভোটে জনগণ একই দিনে সাধারণ নির্বাচন ও সংস্কার পরিষদ গঠনের জন্য দুটি ভোট দিলেও একটির মূল্যায়ন করা হয়েছে, আরেকটি ফেলে দেওয়া হয়েছে। ৩১টি রাজনৈতিক দলের মাসের পর মাস সংলাপে তৈরি জুলাই সনদের ভিত্তিতে গণভোট হলেও বর্তমান সরকার প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করেছে। ফলে স্বাধীন বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন, গুম কমিশন ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত হয়নি।


তিনি বলেন, জনগণ আজ শুধু হতাশ নয়, ক্ষুব্ধও। ন্যায্য অধিকার আদায়ে লড়াই চলবে। সীমান্ত সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন। বিরোধীদলীয় নেতা আরও বলেন, সুশিক্ষার অভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়নি। শাসকদের ব্যর্থতার কারণে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। জনগণের রায় সরকার অগ্রাহ্য করলেও বিরোধী দল তা অগ্রাহ্য করবে না। মৌলিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য আনতে হবে যাতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।


আমীরে জামায়াত বলেন, সমাজ ভালো নেই। শিশু ধর্ষণ, হত্যা, রাজনৈতিক প্রতিহিংসায় খুনের ঘটনা ঘটছে। ২১ জুন গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে দিনের বেলায় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকার পরও অহরহ এসব ঘটছে। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করব, গণবিরোধী কিছু করলে প্রতিবাদ ও প্রতিহত করা হবে। একটি মানবিক সমাজ ও মানুষের বসবাসযোগ্য বাংলাদেশ চাই।


অধিবেশনে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;