গত ২৪ ঘণ্টায় হামে মোট ১১৫ জনের মৃত্যু, সিলেটে সর্বাধিক

প্রকাশ : 08 May 2026
গত ২৪ ঘণ্টায় হামে মোট ১১৫ জনের মৃত্যু, সিলেটে সর্বাধিক

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ১ জন ও সন্দেহজনক ১১৪ জনসহ মোট ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম সংক্রান্ত পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৭ মে সকাল ৮টা থেকে ৮ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮২ জন। এ সময়ে সন্দেহজনক হামে ৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ১১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সর্বাধিক মৃত্যু হয়েছে সিলেট বিভাগে এবং জেলার মধ্যে সুনামগঞ্জে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৭১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জন। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। বিভাগভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৯৪ জন, এরপর চট্টগ্রামে ২১৩ জন ও রাজশাহীতে ১৬৪ জন। একই সময়ে ঢাকায় ৪৫১ জন, চট্টগ্রামে ২১৭ জন এবং বরিশালে ৫৩ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে অদ্যাবধি সারাদেশে ১ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৪১৮ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৭৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ক্যাম্পেইন কাভারেজ দাঁড়িয়েছে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ১৬০ জন এবং টিকা দেওয়া হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৪৫ জনকে, কাভারেজ ৯৬ শতাংশ। বিভাগভিত্তিক কাভারেজে রাজশাহী ও রংপুরে ১০০ শতাংশ, ঢাকায় ৯৯ শতাংশ, খুলনায় ৯৭ শতাংশ, ময়মনসিংহে ৯৯ শতাংশ, সিলেটে ৯৫ শতাংশ, বরিশালে ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ৯৬ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত খবর

;