জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয়: তারেক রহমান

প্রকাশ : 04 Aug 2026
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয়: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব এ দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।”


তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল। “আমরা কখনোই জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যাইনি। নির্যাতন, মামলা-হামলা ও দমন-পীড়নের মধ্যেও আন্দোলন অব্যাহত রেখেছি,” যোগ করেন তিনি।


সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অনেক আন্দোলন, সংগ্রাম ও তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের। এখন সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার এবং যারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে ধৈর্য ও সতর্কতার সঙ্গে নজর রাখার।”


তিনি আরও বলেন, জনগণের সামনে যে অঙ্গীকার করা হয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য ও উন্নয়নকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। তার বক্তব্যে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের অবদানের কথাও স্মরণ করা হয়।


বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর সভাপতি মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সম্পর্কিত খবর

;