শেরপুরে সিএনজি-ডাম্প ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

প্রকাশ : 21 May 2026
শেরপুরে সিএনজি-ডাম্প ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। তিনি জানান, শেরপুর শহর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে হাওরা আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন সিএনজি চালক এবং অপরজন যাত্রী। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


দুর্ঘটনার পরপরই ডাম্প ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘন বৃষ্টি ও সড়কে আলো কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।


অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবুও দ্রুতগতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। চালক ও যাত্রীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

;