স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ণ’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, “পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেছেন, তাদের একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশেরই ক্ষতি করেছেন। আমার ঢাকা শহরকে এই ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছেন।”
তিনি বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সমস্যা, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার নিয়েছে। শুধু বক্তব্য দিয়ে সমাধান হবে না, বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, “বলাটা সহজ, কার্যকর করাটা কঠিন। তবে আমাদের প্রধানমন্ত্রী কঠিনকে সহজ করে কাজ করেন এবং ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।”
বিশেষজ্ঞদের মতামত ছাড়া কাজ করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়বে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বায়ু ও শব্দদূষণের জন্য শুধু সিটি করপোরেশন দায়ী নয় জানিয়ে তিনি বলেন, “নাগরিকদের অসচেতন আচরণও এর জন্য দায়ী। আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে অনেক সমস্যাই কমানো সম্ভব।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ১৫ দিনব্যাপী জরিপ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে তা চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে ভাঙা টেলিভিশনের কভার ও ভাঙা পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। “নিজেদের বাড়িতে মশার কারখানা তৈরি করে পরে সিটি করপোরেশনকে দোষ দিলে হবে না,” বলেন তিনি।
জনগণ সচেতন হলে ২ বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব, তবে অসচেতন থাকলে ২৫ বছরেও পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেন আবদুস সালাম।
রাস্তা খোঁড়াখুঁড়ি প্রসঙ্গে তিনি জানান, সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। সেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইন একসঙ্গে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকায় সম্প্রসারণের পরিকল্পনা আছে।
তিনি বলেন, ঢাকার খাল ও জলপথ নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনে বড় সংকট তৈরি হয়েছে। অন্তত ১৫-২০টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় যাওয়ার ব্যবস্থা থাকা দরকার ছিল। তা না হওয়ায় নিউমার্কেটের মতো নিচু এলাকায় পানি জমে যাচ্ছে।
অপরিকল্পিত নগরায়ণের কারণে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে ১৫-২০ লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ থাকছে। এতে হকার ও যানজট সমস্যা আরও প্রকট হয়েছে।
ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের ওপর চাপ কমত এবং পরিবেশও রক্ষা পেত।
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে তিনি বলেন, একদিনে রাজধানীতে লক্ষাধিক পশু কোরবানি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।
“ঢাকা শহরকে রক্ষা করতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না,” বলেন আবদুস সালাম।
বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
সব মন্তব্য
No Comments