সংসদ-সদস্যদের জন্য সংবিধান ও কার্যপ্রণালী বিধি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : 03 Jun 2026
সংসদ-সদস্যদের জন্য সংবিধান ও কার্যপ্রণালী বিধি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আজ বুধবার ৩ জুন জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যগণের জন্য "সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম" বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি; বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।


স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের নিমিত্ত কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ-সদস্যগণ জনপ্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক।


তিনি আরও বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা সংসদ-সদস্যদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। সংসদ কেবল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়।


ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যগণ কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ।


চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয়। একইসঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এসব দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।


বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও টেকসই গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে সংসদ পরিচালিত হবে।


উল্লেখ্য, দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের ১ম গ্রুপে আজ সংসদীয় আসন ১ পঞ্চগড়-১ হতে ধারাবাহিকভাবে ১০৯ বরগুনা-১, ১১১ পটুয়াখালী-১ থেকে ১১৬ ভোলা-২, ১১৮ ভোলা-৪ হতে ১৫০ ময়মনসিংহ-৫ আসনের নির্বাচিত সংসদ-সদস্যগণ এবং সংরক্ষিত নারী আসন ৩০১ মহিলা আসন-১ হতে ৩২৪ মহিলা আসন-২৪ থেকে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন। 

সম্পর্কিত খবর

;