স্পেনের ৪ গোলে বিধ্বস্ত সৌদি আরব, পেলের কীর্তি ছুঁলেন ইয়ামাল

প্রকাশ : 22 Jun 2026
স্পেনের ৪ গোলে বিধ্বস্ত সৌদি আরব, পেলের কীর্তি ছুঁলেন ইয়ামাল

স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। আটলান্টা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে স্প্যানিশদের হয়ে প্রথম গোল করে পেলের রেকর্ড ছুঁয়েছেন ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বকাপে নিজের প্রথম গোলেই ইতিহাস গড়লেন বার্সেলোনার এই বিস্ময়বালক।


ম্যাচের ১০ মিনিটেই সৌদি রক্ষণ ভেঙে দলকে এগিয়ে দেন ইয়ামাল। মিকেল ওইয়ারসাবালের পাস থেকে কাছের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান তিনি। এই গোলের মধ্য দিয়ে ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন ইয়ামাল। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এছাড়া লিওনেল মেসির চেয়েও ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে গোল করলেন ইয়ামাল। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম গোল করেছিলেন মেসি।


ইয়ামালের গোলে শুরুর পর স্পেন আর পেছনে তাকায়নি। ২৮ ও ৩১ মিনিটে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল। দ্বিতীয়ার্ধে ইয়ামাল ও ওইয়ারসাবালকে তুলে নিলেও আক্রমণের ধার কমেনি স্পেনের। ৪৯ মিনিটে মার্ক কুকুরেলার কর্নার থেকে বল সৌদি ডিফেন্ডার হাসান আলতামবাকতির গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান হয় ৪-০। চলতি বিশ্বকাপে এটি অষ্টম আত্মঘাতী গোল।


গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়েছিল স্পেন। সৌদি আরবও উরুগুয়ের সঙ্গে ড্র করে মাঠে নেমেছিল। তবে আটলান্টার ৬৮ হাজার ২৩৯ ধারণক্ষমতার স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ৯২ মিনিটে ফেররান তোরেসের একটি গোল অফসাইডে বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।


এই জয়ে গ্রুপ ‘এইচ’-এ সুবিধাজনক অবস্থায় উঠে এলো স্পেন। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সৌদি আরবের পয়েন্ট ১। স্পেনের পরের ম্যাচ ২৬ জুন উরুগুয়ের বিপক্ষে। ইয়ামালের শুরুর একাদশে ফেরা স্পেনের জন্য বড় স্বস্তি। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড কেপ ভার্দে ম্যাচে বদলি নেমে ২০ মিনিট খেলেছিলেন। সৌদি ম্যাচে প্রথমার্ধ খেলেই তাকে তুলে নেন কোচ। ম্যাচ শেষে কোচ দে লা ফুয়েন্তে জানান, বড় লিড থাকায় এবং ম্যাচ ফিটনেসের কথা ভেবে ইয়ামালকে বিশ্রাম দেওয়া হয়েছে।


অপটার তথ্য বলছে, ইয়ামাল শুরুর একাদশে থাকা ২১ ম্যাচে কখনও হারেনি স্পেন। জিতেছে ১৫টি, ড্র ৬টি। এই সময়ে স্পেন করেছে ৬০ গোল, যার ১৬টিতে সরাসরি অবদান ইয়ামালের — ৫ গোল ও ১১ অ্যাসিস্ট।


সৌদি আরবের কোচ জর্জিয়োস দোনিস বলেন, “স্পেনের মতো দলের বিপক্ষে শুরুতে গোল খেয়ে ফেললে ম্যাচে ফেরা কঠিন। আমরা চেষ্টা করেছি, কিন্তু ওদের গতি ও প্রেসিংয়ের সঙ্গে পেরে উঠিনি।”


স্পেনের হয়ে এই ম্যাচে খেলেছেন: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেলা; রদ্রি, পেদ্রি, দানি ওলমো; লামিন ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল। ম্যাচসেরা হয়েছেন জোড়া গোল করা ওইয়ারসাবাল।


সম্পর্কিত খবর

;