বেনাপোলে ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

প্রকাশ : 08 Oct 2026
বেনাপোলে ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন নিয়ে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।


বুধবার সকালে বেনাপোল চেকপোস্টে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, তিন বছর মেয়াদে বেনাপোল চেকপোস্ট নামে একটি ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। যেখানে দলমত নির্বিশেষে সবার সম্পৃক্ততা রয়েছে। কিন্তু কাউকে কিছু না জানিয়ে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত তার গ্রুপের কয়েকজন নেতাকে নিয়ে হঠাৎ চেকপোস্টে উপস্থিত হন এবং পাল্টা চেকপোস্ট ব্যবসায়ী সংগঠন নামে একটি কমিটি তৈরি করে দেন বলে অভিযোগ করা হয়।


সংগঠনের সভাপতি আজিজুল হক বলেন, প্রত্যেকটি সংগঠনের একটি গঠনতন্ত্র ও নিয়ম-নীতি আছে, কিন্তু তা মানা হয়নি। কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বর্তমান কমিটিকে ডেকে জানাতে পারতেন। এটি স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দেখিয়ে করা হয়েছে।


তিনি আরও বলেন, সাধারণ ব্যবসায়ীরা যদি কমিটি পরিবর্তন চায়, বৃহৎ স্বার্থে নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তরে তারা রাজি আছেন। তবে দলবাজি ও প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না।


সংবাদ সম্মেলনে নতুন কমিটির অধিকাংশ সদস্য চোরাকারবারি, মাদক ও হুন্ডি ব্যবসায়ী বলে অভিযোগ তোলা হয়। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং নতুন কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি।


কমিটির সহ-সভাপতি সাংবাদিক আনিসুর রহমান, আলী আশরাফ ও উজ্জ্বল বিশ্বাস বলেন, কমিটির কোনো পরিবর্তন করতে হলে তা বৈধ প্রক্রিয়ায় হতে হবে।


কমিটির উপদেষ্টা সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন বলেন, তারা এই সংগঠনের উপদেষ্টা হয়েও নতুন কমিটি গঠনের বিষয়ে কিছু জানেন না। এতে ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ ও সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান তারা।


এ সময় ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, চলমান কমিটি চেকপোস্টে যাত্রী হয়রানি, ছিনতাই ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। নতুন কমিটি হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।


সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


এ বিষয়ে অভিযুক্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

;