স্টাফ রিপোর্টার: আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবল কিংবদন্তি লিওনেল আন্দ্রেস মেসি আজ মঙ্গলবার ৩৯তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরে জন্ম নেওয়া মেসি এবারের জন্মদিন পালন করছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে। টেক্সাসের ডালাসে গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি পুরুষ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলের মালিক হয়েছেন। জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ভেঙে মেসি এখন এককভাবে শীর্ষে।
মেসি রোসারিওর লাস হেরাস এলাকায় বেড়ে উঠেছেন। তাঁর বাবা হোর্হে মেসি ছিলেন ভিয়া কনস্টিটিউসিওনের আসিনদার ইস্পাত কারখানার বিভাগীয় প্রধান, আর মা সেলিয়া কুচ্চিত্তিনি কাজ করতেন চুম্বক তৈরির কারখানায়। চার ভাই-বোনের মধ্যে মেসি তৃতীয়। বড় দুই ভাই রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোন মারিয়া সল। ফুটবলপ্রেমী পরিবারে বেড়ে ওঠা মেসির প্রথম কোচ ছিলেন তাঁর বাবা। মাত্র চার বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রানদোলিতে তাঁর ফুটবলে হাতেখড়ি হয়। পরে ছয় বছর বয়সে যোগ দেন শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে, যেখানে ‘দ্য মেশিন অব ’৮৭’ নামের অজেয় যুবদলের হয়ে প্রায় ৫০০ গোল করেন।
দশ বছর বয়সে গ্রোথ হরমোন ঘাটতি ধরা পড়লে মেসির ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। মাসে প্রায় ১০০০ ডলারের চিকিৎসা খরচ বহন করতে পারেনি নিউওয়েলস ও রিভার প্লেট। ২০০০ সালে ১৩ বছর বয়সে পরিবারসহ স্পেনে পাড়ি জমান মেসি। এফসি বার্সেলোনা তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় এবং লা মাসিয়া একাডেমিতে ভর্তি করায়। ২০০৪ সালের ১৬ অক্টোবর এস্পানিওলের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তাঁর। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে ৫২০ লিগ ম্যাচে ৪৭৪ গোল করে ক্লাব ও লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ২০২১ সালে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি-তে যোগ দেন এবং ২০২৩ সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।
জাতীয় দলের জার্সিতে মেসির অভিষেক ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে মাত্র ১৮ বছর বয়সে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল করে বিশ্বকাপে অভিষেক রাঙান। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জেতেন। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে আবার কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনাকে তিনটি বড় শিরোপা এনে দেন। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই তিনি আর্জেন্টিনার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
ব্যক্তিজীবনে মেসি ২০০৮ সাল থেকে শৈশবের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে সম্পর্কে আছেন। রোকুজ্জো তাঁর ছোটবেলার বন্ধু লুকাস স্কাগলিয়ার চাচাতো বোন। এই দম্পতির তিন ছেলে: থিয়াগো, মাতেও ও চিরো। মাঠের বাইরে লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করছেন।
২০২৬ বিশ্বকাপে ৩৮ বছর বয়সে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে পাঁচ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। বয়স নিয়ে প্রশ্ন উঠলেও মেসি বলেছেন, “আমি বয়স নিয়ে ভাবছি না। শারীরিকভাবে ভালো আছি বলেই ভালো খেলছি”। কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছেন, “মেসির প্রতিশ্রুতি ও দলের জন্য পরিশ্রম দেখে আমরা বিস্মিত হই”।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৫টির বেশি বড় শিরোপা জিতেছেন। বিশ্বকাপে ষষ্ঠবার খেলার রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও গিয়েরমো ওচোয়ার পাশে নাম লিখিয়েছেন তিনি। ৩৯তম জন্মদিনে এসেও ‘ফুটবলের জাদুকর’ প্রমাণ করছেন বয়স শুধুই সংখ্যা।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। প্রথমার্ধেই জোড়া ...
রফিকুল ইসলাম সুজন: আজ বুধবার ২৪ জুন রাত ১২টার পর থেকে বুধবার ২৪ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের তিনটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় ইংল্যান্ড মুখোমুখি হবে ঘানার। ভো ...
স্টাফ রিপোর্টার: বয়স যে কেবলই সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা পলিন কানা। ১০০ বছর বয়সী এই বৃদ্ধা নীল-সাদা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে, হাতে “১০০ বছর বয়সী ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে আফ্রিকান শক্তি সেনেগালের কাছে হেরে গেছে নরওয়ে। আর জর্ডান ও আলজেরিয়ার ম্যাচটি হয়েছে ১-১ গোল ...
সব মন্তব্য
No Comments