প্লট করে বিক্রির পরিকল্পনা
বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর বক্ষব্যাধি হাসপাতালসংলগ্ন সরকারি একটি পুকুর বালু ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে। সরকারি খাসজমির এই পুকুরটি জাল কাগজপত্রের মাধ্যমে ব্যক্তি মালিকানার দাবি করে কয়েকজন স্থানীয় বাসিন্দা ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ভরাট শেষে জায়গাটি প্লট আকারে বিক্রির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নগরীর মুন্সীবাড়ি এলাকার ওই পুকুর ভরাটের কাজে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম লিয়ন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব বাবুল তালুকদার, মো. আলমগীর ও রফিকুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, তাদের পেছনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার প্রভাব রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উত্তরমুখী সড়কের পাশে অবস্থিত মুন্সীবাড়ির সামনের এই পুকুরটি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বালু ফেলে পুকুরটির প্রায় দুই-তৃতীয়াংশ ভরাট করা হয়েছে। বক্ষব্যাধি হাসপাতালের ভবনের পেছনে হওয়ায় মূল সড়ক থেকে পুকুরটি সহজে দেখা যায় না।
পুকুর ভরাটের বিষয়ে রাকিবুল ইসলাম লিয়ন বলেন, “ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হেলাল আকন ও তার বোন। আমরা চারজন পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে জায়গাটি ভরাট করছি। পরে প্লট আকারে বিক্রির পরিকল্পনা আছে।” তিনি দাবি করেন, জমির মালিকানা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ সঠিক নয়।
পুকুর ভরাটের ঠিকাদার মো. জুয়েল জানান, সাত লাখ টাকার চুক্তিতে তিনি জায়গাটি বালু দিয়ে ভরাট করছেন।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় ৬৯ শতাংশ আয়তনের এই পুকুরটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকা। পুকুরটির পাশেই রয়েছে বক্ষব্যাধি হাসপাতাল এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা ২০০ শয্যার শিশু হাসপাতাল। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকা এই জলাশয় দখলের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুকুরটি সরকারি সম্পত্তি। এটি রক্ষায় কাউনিয়া থানাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের পরও প্রায় ২০ দিন ধরে ভরাট কার্যক্রম বন্ধ হয়নি।
বক্ষব্যাধি হাসপাতালের অফিস সহকারীর দায়িত্বে থাকা ফার্মাসিস্ট আনোয়ারা বেগম বলেন, “হাসপাতালের সাত একর ৪১ শতাংশ জমির পর্চা রয়েছে। এর মধ্যে দাগ নম্বর ১০৬৯ (ভিটা), ১০৭০ ও ১০৭১ (পুকুর)। পর্চায় উল্লেখ আছে, এসব জমির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে কালেক্টর।”
তিনি অভিযোগ করেন, জমিটি রক্ষায় কাউনিয়া থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, “পুরোনো সব কর্মচারী জানেন, এই পুকুরটি হাসপাতালের সরকারি সম্পত্তি। রাতের আঁধারে এটি ভরাট করা হচ্ছে। গত ১৯ জুলাই কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি সিভিল সার্জন, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়েও জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এসিল্যান্ড কার্যালয় থেকে জমির চারপাশে বেড়া দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরে দখলদাররাই গাছপালা কেটে সেখানে বেড়া দিয়েছে।”
পুকুর দখল ও ভরাটের সঙ্গে বিএনপির নেতাদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, “এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা জড়িত নন। কাগজপত্রে কোনো জালিয়াতি হয়েছে কি না, তা ভূমি অফিস তদন্ত করবে।”
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, “বক্ষব্যাধি হাসপাতালের পাশের পুকুরটি খাস খতিয়ানের জমি। প্রায় ১৫ বছর আগে জরিপে বিএস রেকর্ডে এটি ব্যক্তি মালিকানার দেখানো হয়। বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে একটি চক্র জমিটি দখলে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, খাসজমি কীভাবে ব্যক্তি মালিকানার রেকর্ডে গেল, তা চ্যালেঞ্জ করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার উদ্যোগ নেওয়া হবে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “এ ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা রয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারে মামলা হলে দীর্ঘ সময় লেগে যায়। তবে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি এই জলাশয়টি পুরোপুরি ভরাট হয়ে বাণিজ্যিক প্লটে পরিণত হতে পারে। তারা সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: দেশের দুই জেলায় পৃথক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন এবং বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্ ...
বগুড়া অফিস: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর পৌনে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জে হোটেল ও দোকানের সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী অলেশ চন্দ্র সরকার (২০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নি ...
সব মন্তব্য
No Comments