বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র অধিকতর সহায়তা কামনা করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত নোমান চৌধুরী বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির 'ব্যালট (BALLOT) প্রকল্প'-এর অবদান গুরুত্বপূর্ণ ছিল। তিনি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার- সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বিচার বিভাগীয় সংস্কার ও গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে ইউএনডিপির ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন, অতিরিক্ত ও সহজলভ্য জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এলডিসি উত্তরণ প্রসঙ্গে রাষ্ট্রদূত নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য নির্ধারিত থাকলেও ভূ-রাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা হ্রাস, জলবায়ু অভিঘাত ও জ্বালানি অনিশ্চয়তার কারণে নীতিগত সুযোগ সংকুচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতির সময়সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। ইউএনডিপির নির্বাহী বোর্ডের সভায়ও তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে অব্যাহত ও অনুমানযোগ্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (সিডিপি) এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। বিষয়টি জুলাই মাসে ইকোসকের বৈঠকে ও সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের জন্য উঠবে। জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল রাবাব ফাতিমা এরই মধ্যে বাংলাদেশের উত্তরণের জন্য একটি স্বাধীন প্রস্তুতি মূল্যায়ন শুরু করার ঘোষণা দিয়েছেন, যা আগামী জানুয়ারিতে শেষ হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রেয়াতি অর্থায়ন, কারিগরি সহায়তা, বাণিজ্য আলোচনার সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি-নির্দিষ্ট সহায়তা অব্যাহত রাখা জরুরি। একইসঙ্গে তিনি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বমূলক করা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পাচার হওয়া সম্পদ ফেরত আনার ওপর জোর দেন।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments