স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হলে মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এতে তিনিই হতে যাচ্ছেন এবারের আসরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। অন্যদিকে ৪৩ বছর ১৬২ দিন বয়সে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামবেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন।
ফিফার প্রকাশিত ৪৮ দলের চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের বিশ্বকাপে রেকর্ড ১,২৪৮ জন খেলোয়াড় ৪৮টি দেশের প্রতিনিধিত্ব করবেন। এদের মধ্যে ২২ জন টিনএজার বিভিন্ন দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। টিনএজ মিডফিল্ডারদের মধ্যে মোরাই সর্বকনিষ্ঠ।
মোরার সামনে সুযোগ রয়েছে বিশ্বমঞ্চে নিজের প্রতিভা প্রমাণ করে ইতিহাসের পাতায় নাম লেখানোর। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এখনও বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি শিরোপা জেতেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। ইংল্যান্ডের মাইকেল ওয়েন ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলতে নেমেছিলেন।
এবারের আসরে ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন টিনএজার। স্পেনের ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ও ১৯ বছর বয়সী পও কুবারসি তাদের মধ্যে অন্যতম। জার্মানির ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল বায়ার্ন মিউনিখের হয়ে নজর কেড়েছেন।
১৯ বছর পেরোনো কিছু খেলোয়াড়ও এবার প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ফ্রান্সের ২০ বছর বয়সী ওয়ারেন জেইরি-এমেরে ও ২১ বছর বয়সী ডিসায়ার ডুয়ে দুজনই দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির খেলোয়াড়। ২১ বছর বয়সী ইংল্যান্ডের নিকো ও’রিলি, তুরস্কের আরদা গুলার এবং আর্জেন্টিনার নিকো পাজও বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় আছেন।
লিগা এমএক্সের খেলোয়াড় মোরা গত এক বছর ধরে মেক্সিকোর অন্যতম উদীয়মান তারকা। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন তিনি। ২০২৫ সালে গোল্ড কাপজয়ী মেক্সিকো দলের সদস্যও ছিলেন মোরা। ২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে মেক্সিকান প্রথম বিভাগে খেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন। ২০২৫ সালের জানুয়ারিতে ১৬ বছর বয়সে তার জাতীয় দলে অভিষেক হয়।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব নিয়মিত টিনএজারদের সুযোগ দিয়ে আসছে। এবারের বিশ্বকাপেও নজর থাকবে আরও কিছু উদীয়মান তারকার দিকে। আইভরি কোস্টের ১৯ বছর বয়সী ইয়ান ডায়মন্ড বুন্দেসলিগায় লিপজিগের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন। লিগ ওয়ানে লিঁওর ১৯ বছর বয়সী স্ট্রাইকার এনড্রিক ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার অপেক্ষায়। ১৮ বছর বয়সী সেনেগালের ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে আফ্রিকান নেশন্স কাপে আলো ছড়িয়েছেন। ইকুয়েডরের হয়ে নিয়মিত খেলছেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার কেন্ড্রি পায়েজ।
৪৩ বছর ১৬২ দিন বয়সে এবারের আসরে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪১ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোসহ ৪০ বছরের বেশি বয়সী আরও ছয়জন খেলোয়াড় এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
ফিফার তথ্য অনুযায়ী, ১,২৪৮ জন খেলোয়াড়ের মধ্যে ৩৫৭ জনের অন্তত একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। বাকি ৮৯১ জনের এবারই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে ২-১ গোলে হারিয়ে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। আর তাতেই বেঁচে থাকল লাল-সবুজের মেয়েদের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন। ...
ডেস্ক রিপোর্ট: অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। হার দিয়ে শুরু করা ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার রাথবোনস গ্র্যাঞ্জ ক্লাব ...
স্টাফ রিপোর্টার: আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ট্রফি ঘরে তুললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আটাশ মার্চ দুই হাজার ছাব্বিশ সালে শুরু হওয়া আসরে দশটি দল অংশ নেয়। সাতচল্লিশ দিনের লড়াই ...
আন্তর্জাতিক ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার পর প্যারিসের রাস্তায় নেমে আসা পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে ফাইনাল শেষ হতেই ...
সব মন্তব্য
No Comments