বকশীগঞ্জের নিখোঁজে ৩দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ : 12 Oct 2026
বকশীগঞ্জের নিখোঁজে ৩দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি ঝোপ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী ইয়াকুব আলী।


নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।


পুলিশ ও স্থানীয়রা জানান-গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা আক্তার নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা সেখানে যান। ঝোপের ভেতর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা গিয়ে লাশটি রোজিনার বলে শনাক্ত করেন।


পুলিশের ধারণা, তিন দিন আগেই তাঁকে হত্যা করে কিংবা অন্য কোনোভাবে মৃত্যুর পর লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর এভাবে সড়কপাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সম্পর্কিত খবর

;