ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা:সূচনা বৃহস্পতিবার

প্রকাশ : 15 Jul 2026
ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা:সূচনা বৃহস্পতিবার

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক রথযাত্রা বের হবে। একই সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ফরিদপুরের উদ্যোগে শুরু হচ্ছে নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের মহোৎসব।


সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে দেবতাদের গুন্ডিচা মন্দির বা ‘মাসির বাড়ি’ নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব উদযাপিত হয়।


আয়োজকদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে রথযাত্রা শুরু হবে। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের উদ্যোগে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে পৌঁছাবে। এছাড়া বেলা ১১টায় গৌড় গোপাল আঙিনা থেকে আরেকটি রথযাত্রা বের হবে। বিকেল সাড়ে ৩টায় শোভারামপুর ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌড় গোপাল আঙিনায় গিয়ে শেষ হবে।


ইসকন ফরিদপুর জানিয়েছে, ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত শোভারামপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে চলবে নয় দিনব্যাপী মহোৎসব। উদ্বোধনী দিনে অগ্নিহোত্র যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ, মহাআরতি, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে। রাতের কর্মসূচিতে বৈদিক চলচ্চিত্র প্রদর্শনেরও ব্যবস্থা রাখা হয়েছে।


উৎসব চলাকালে প্রতিদিন শ্রীমদ্ভাগবত ও শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, ধর্মীয় আলোচনা, ভজন, নামসংকীর্তন, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বক্তা, ব্রহ্মচারী ও কীর্তন শিল্পীরা এতে অংশ নেবেন। পাশাপাশি শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা এবং নারীদের জন্য শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।


আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয় দিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবের সমাপ্তি ঘটবে।সমাপনী অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণে বিশেষ নামসংকীর্তন, মহাআরতি, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে। উৎসবকে কেন্দ্র করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকল ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

;