স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ১২ জুন কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে আরও ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের জন্য আবাসন, ভাষা সহায়তা, চিকিৎসা খরচ হ্রাস, ভিসা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সহজ করা হলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিরা কুনমিংকে বেছে নেবে। তিনি ডাক্তার, টেকনিশিয়ান, নার্সসহ বিভিন্ন পদে কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, মিঃ ওয়াং জিয়াংকুন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর মিঃ শিয়া সুয়েশানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, চায়না-বাংলাদেশ যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বেগবান করা হবে। কুনমিং মেডিকেলে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনসহ সকল বিষয় সহজতর করা হবে।
হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে হাইজেং গার্ডেন হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ডেপুটি স্পীকার জানান, ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। তিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে সংসদ নেতা প্রধানমন্ত্রীর দ্বিতীয় বিদেশ সফর হিসেবে জুনের শেষ সপ্তাহে চীন সফরের সুসংবাদ দেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির চীনের কাছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ডেপুটি স্পীকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের অনুরোধ করেন।
কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ওয়াং নিং বাংলাদেশ সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আশা প্রকাশ করেন। বাংলাদেশের সংসদীয় দল ও বাণিজ্য প্রতিনিধিদলকে এক্সপোতে বিশেষ মর্যাদা দেওয়ায় ইউনান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডেপুটি স্পীকার।
বৈঠকে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজল আলম, কুনমিংস্থ বাংলাদেশ কনসুলেট এবং ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর সংসদীয় দল কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাল মেডিসিনের জনক সি জিয়াংয়ের জন্ম ও স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী “পাওথাও” গ্রাম পরিদর্শন করেন। ৭৪৪ জনবসতির এই গ্রামের ৮০ ভাগের বেশি আদিবাসী শত শত বছরের পুরোনো ঔষধি গাছ রোপণ ও পরিচর্যা করছেন। স্থানীয় বাসিন্দা জ্যাং এ্যানা ডেপুটি স্পীকারকে গ্রামটির ঐতিহ্য ঘুরে দেখান।
দিনের শেষভাগে ডেপুটি স্পীকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ও চায়না মিডিয়া গ্রুপকে বিশেষ সাক্ষাৎকার দেন।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments