পিরোজপুর-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে গাজী ওয়াহিদুজ্জামান জাকির

প্রকাশ : 20 Oct 2025
পিরোজপুর-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে গাজী ওয়াহিদুজ্জামান জাকির

পিরোজপুর অফিস: ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপির জাতীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলের দীর্ঘদিনের কর্মী ও জেলা বিএনপির সাবেক সদস্য গাজী ওয়াহিদুজ্জামান জাকির। সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন একাধিক নেতা। এর মধ্যে রয়েছেন বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, আলহাজ কে. এম. হুমায়ুন কবির, এ. আর. মামুন খানসহ আরও কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তবে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বাজার-হাট, রেস্তোরাঁ ও মুদি দোকান পর্যন্ত আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম গাজী ওয়াহিদুজ্জামান জাকির। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে আর্থিক ও মানসিক সহায়তা দিয়ে আসছেন তিনি। মঠবাড়িয়া পৌরসভা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সাধারণ জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে ‘ধানের শীষের কান্ডারি’ হিসেবে দেখতে চান। ছাত্রদল, যুবদল ও বিএনপির তৃণমূল থেকে উঠে আসা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি থেকে। বিএনপি ক্ষমতার বাইরে থাকার সময়ও তিনি দলীয় নেতাকর্মীদের মনোবল জোগাতে নিরলসভাবে কাজ করেছেন। মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে সহায়তা করেছেন নিয়মিতভাবে। বিশেষ করে গত ৫ আগস্টের পর তিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের আশ্রয় ও খাদ্যনিরাপত্তায় সহায়তা দিয়েছেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে লিফলেট বিতরণসহ জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা করছেন।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন মিয়া বলেন, “ওয়াহিদুজ্জামান জাকির গাজী ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে ছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। নিজের অর্থায়নে রিকশা, অটোরিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহনের টেক্স মওকুফ করেছেন। সাধারণ মানুষ তাকে পছন্দ করে এবং মনোনয়ন দিলে বিএনপি ও মঠবাড়িয়ার জনগণ উপকৃত হবে।” পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কামাল মুন্সি বলেন, “ওয়াহিদুজ্জামান জাকির গাজী একজন পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ নেতা। দলের জন্য তার যে ত্যাগ ও পরিশ্রম, দল তা নিশ্চয়ই মূল্যায়ন করবে।” মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, “ওয়াহিদুজ্জামান জাকির গাজী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বিএনপির দুর্দিনে অর্থ, মেধা ও পরিশ্রম দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। মঠবাড়িয়ার মানুষ সৎ, শিক্ষিত ও ধার্মিক একজন নেতাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়, যা জাকির গাজীর মধ্যে বিদ্যমান।” তবে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, “বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। আর যদি মনোনয়ন না পাই, তাহলে যাকে দল মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব।”

সম্পর্কিত খবর

;