ঝিনাইগাতীতে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

প্রকাশ : 07 Apr 2026
ঝিনাইগাতীতে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।


আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ  ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ঝিনাইগাতী ‎উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, “জামায়াত যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে তাই ১২ তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বিকাশের লেনদেন এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। নির্বাচনের আর দুইদিন বাকী, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে।” তিনি বিএনপির নেতা- কর্মীদের সতর্ক করে বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। তবে কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন জনসভায়। ‎তিনি আরো বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে।‎ শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল। এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে ঝিনাইগাতীকে মডেল উপজেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন। জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এছাড়াও জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধা‌নের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

সম্পর্কিত খবর

;