বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

প্রকাশ : 07 Jun 2026
বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি। একই সঙ্গে বোর্ডের নতুন সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।


রবিবার ৭ জুন ২০২৬ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।


ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোট দেন। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তামিম ইকবাল ৭৩ ভোট পেয়ে রেকর্ড গড়ে পরিচালক নির্বাচিত হন।


পরিচালক পর্ষদ গঠনের পর বোর্ড রুমে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সভাপতি পদে তামিম ইকবাল ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য তাঁকেই বিসিবি সভাপতি ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে পরিচালকদের ভোটে নির্বাচিত হন ফাহিম সিনহা।


ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবাল ছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ৭২ ভোট, ইশরাফিল খসরু ৭২ ভোট, মাসুদুজ্জামান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট, ফাহিম সিনহা ৬৬ ভোট, শানিয়ান তানিম ৬৬ ভোট, আসিফ রাব্বানী ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট এবং সাকেফ আহমেদ সালাম ৪১ ভোট পেয়ে।


১২ জন পরিচালক নির্বাচিত হওয়ায় এই পদে হেরে গেছেন চারজন। তাঁরা হলেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু ৪০ ভোট, মোহাম্মদ আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ ২০ ভোট।


এর আগে গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তামিম ইকবাল। নিয়ম অনুযায়ী তাঁর নেতৃত্বাধীন কমিটির তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। তবে দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে নিজেই বোর্ডের শীর্ষ পদে এলেন তিনি।


বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডে মোট ২৫ জন পরিচালক থাকেন। এর মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, বিভাগ ও জেলা থেকে ১০ জন, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন নির্বাচিত হন। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন এই ২৫ পরিচালকের ভোটে। নতুন কমিটির মেয়াদ হবে চার বছর।


জাতীয় দলের সাবেক ক্রিকেটার থেকে সরাসরি বোর্ড সভাপতি হওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন উদাহরণ তৈরি করল। দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী করা, পাইপলাইন তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;