উজিরপুরে ৩ লাখ টাকার মাছ লুট, বাধা দেওয়ায় ৩ পাহারাদারকে পিটিয়ে আহত

প্রকাশ : 28 Oct 2026
উজিরপুরে ৩ লাখ টাকার মাছ লুট, বাধা দেওয়ায় ৩ পাহারাদারকে পিটিয়ে আহত


বরিশাল প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পটিবাড়ি জনতা বাজার আদর্শ মৎস্য প্রকল্পের ঘেরে এ ঘটনা ঘটে। আহত পাহারাদার তাজিম মোল্লা, নয়ন পাইক ও এম্মাম পাইককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে ঘেরের মালিক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মাছ লুট ও পাহারাদারদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে কয়েকজন ব্যক্তি ঘের থেকে মাছ ধরছিলেন। এ সময় পাহারাদারেরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। এতে তাজিম মোল্লা, নয়ন পাইক ও এম্মাম পাইক আহত হন। ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।


এ ঘটনায় আরাফাত হাওলাদার, রবিউল হাওলাদার, সাহিন হাওলাদার, শাফিক হাওলাদার ও নয়ন হাওলাদারের বিরুদ্ধে মাছ লুট ও পাহারাদারদের ওপর হামলার অভিযোগ তুলেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অভিযোগের বিষয়ে আরাফাত হাওলাদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অন্য অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।


পটিবাড়ি জনতা বাজার আদর্শ মৎস্য প্রকল্পটি তিন শতাধিক মানুষের অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। প্রকল্পের সভাপতি আব্দুল সত্তার পাইক, সাধারণ সম্পাদক আরিফ মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক লুকমা সরদার।


প্রকল্পের সভাপতি আব্দুল সত্তার পাইক বলেন, তিন শতাধিক মানুষের অংশীদারত্বে গড়ে তোলা এ প্রকল্পের মাছ রক্ষা করা সবার দায়িত্ব। মাছ ধরতে বাধা দেওয়ায় পাহারাদারদের মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


সাধারণ সম্পাদক আরিফ মোল্লা বলেন, প্রকল্পের সম্পদ রক্ষা করতে গিয়ে পাহারাদারেরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


যুগ্ম সাধারণ সম্পাদক লুকমা সরদার বলেন, অনেক মানুষের সম্মিলিত উদ্যোগে এ মৎস্য প্রকল্প পরিচালিত হচ্ছে। ঘেরের মাছ রক্ষা করতে গিয়ে পাহারাদারদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু বিচার চান তাঁরা।


উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর

;