কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু, পুড়ে ছাই পুরো রিসোর্ট

প্রকাশ : 17 Oct 2026
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু, পুড়ে ছাই পুরো রিসোর্ট

চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।


কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। রিসোর্টের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতায় কাঠ ও বাঁশ দিয়ে তৈরি পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।


এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


সম্পর্কিত খবর

;