ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবনের মরদেহ দেশে পৌঁছাল

প্রকাশ : 29 May 2026
ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবনের মরদেহ দেশে পৌঁছাল

স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।


নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজে ০৮২০৩২৭ এবং তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার তাগিদে ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে যান। সম্প্রতি সেখানে মিসাইলের আঘাতে তার মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং টিকে-০৮৪৩ যোগে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে ২৯ ঘণ্টার যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নং টিকে-০৭১২ তে শুক্রবার সকালে তা ঢাকায় পৌঁছায়।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় দাফন-কাফনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রাবনের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। সরকারের পক্ষ থেকে নিহত শ্রাবনের পরিবারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

;