বরিশালের উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত

প্রকাশ : 28 Sep 2026
বরিশালের উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত

বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। তারা তিনজন বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ লালন ফকির নিহত তিন তরুণের পরিচয় নিশ্চিত করেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মহসীন হোসেন জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিল।


পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

;