বরিশালের ১৯ মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশ : 21 Aug 2026
বরিশালের ১৯ মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব পরিষদের নিয়মিত কার্যক্রম সচল রাখতে এবং জনসেবা অব্যাহত রাখতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে গত ১৯ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম ও দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ৯ আগস্ট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর (সংশোধিত ২০২৪) ১৮ ধারা অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জের ১১টি, মুলাদীর ৪টি এবং উজিরপুরের ৪টিসহ মোট ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে নির্ধারিত শর্তে প্রশাসক নিয়োগের অনুমোদন দেওয়া হলো।


প্রজ্ঞাপন অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চরামদ্দি ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, দাড়িয়াল ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস, দুর্গাপাশা ইউনিয়নে অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ তৌহিদুর রহমান, ফরিদপুর ইউনিয়নে একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হক, কবাই ইউনিয়নে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক, নলুয়া ইউনিয়নে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ আকন, কলসকাঠী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, গারুড়িয়া ইউনিয়নে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, ভরপাশা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস সোহা, রঙ্গশ্রী ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়ায়ামুল্লাহ এবং পাদ্রীশিবপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।


মুলাদী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মুলাদী সদর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়নে ভেটেরিনারি সার্জন মো. নজরুল ইসলাম, কাজিরচর ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এবং চরকালেখান ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


একইভাবে উজিরপুর উপজেলার চার ইউনিয়নে প্রশাসক হয়েছেন সাতলা ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, জল্লা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, শোলক ইউনিয়নে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা চৌধুরী এবং বড়াকোঠা ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। তারা দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিডি-ভিজিএফ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ জনসেবামূলক সব কার্যক্রম পরিচালনা করবেন। সরকার ২০২৩ সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে, যাতে সেবা কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না হয়।


এ বিষয়ে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উজিরপুরের ইউএনও মোহাম্মদ আলী সুজা এবং মুলাদীর ইউএনও গোলাম সারোয়ার জানান, স্থানীয় সরকার আইন অনুযায়ী জনসেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতেই মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত হবে।


সম্পর্কিত খবর

;