স্টাফ রিপোর্টার: 'তারুণ্যের উৎসব-২০২৫' জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। আজ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।
পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৩-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে সেনাবাহিনী আধিপত্য বিস্তার করে ১২-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়।
তবে বিরতির পর খেলার চিত্র পুরোপুরি বদলে দেয় বিজিবি। দলের তারকা খেলোয়াড় আল আমিনের দুর্দান্ত তিন পয়েন্টের রেইডে বিজিবি ম্যাচে সমতা ফেরায়। এরপর তারা সেনাবাহিনীকে অল-আউট করে ৩ পয়েন্টের লিড নেয়। শেষ দিকে একটি 'সুপার রেইড' থেকে আরও ৩ পয়েন্ট অর্জন করে বিজিবি নিজেদের জয় নিশ্চিত করে। সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিজিবির সুসংগঠিত ডিফেন্সের সামনে তারা হার মানতে বাধ্য হয়।
নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৬-৩১ পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দুই দলের লড়াই ছিল সমানে সমান।
প্রথমার্ধের শেষে ১৭-১২ পয়েন্টে এগিয়ে ছিল পুলিশ। তবে দ্বিতীয়ার্ধে আনসারের স্মৃতি একটি চমৎকার 'সুপার রেইড' করলে পয়েন্ট ১৯-১৯ এ দাঁড়িয়ে যায়। এই উত্তেজনাকর মুহূর্তে পুলিশ পুনরায় আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আনসারকে দ্বিতীয়বার অল-আউট করে বড় ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশের মেয়েরা।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
নারী বিভাগে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রংপুরের অন্তরা ও ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা। আর পুরুষ বিভাগের সেরা উদীয়মান খেলোয়াড় বিকেএসপির জুলফিকার আকাশ। নারী বিভাগের বেস্ট ডিফেন্ডার আনসারের স্মৃতি আক্তার আর পুরুষ বিভাগে বেস্ট ডিফেন্ডার হয়েছেন বিজিবির সবুজ মিয়া। নারী বিভাগে বেস্ট রেইডার বিজিবির বৃষ্টি বিশ্বাস আর পুরুষ বিভাগে বেস্ট রেইডার সেনাবাহিনীর রোহান মিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নারী বিভাগে পুলিশের শ্রাবনী মল্লিক ও পুরুষ বিভাগে বিজিবির আল আমিন।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments