জনস্বস্তি নিশ্চিতে একসুর শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলের।

প্রকাশ : 20 Feb 2026
জনস্বস্তি নিশ্চিতে একসুর শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলের।

অনিক রায়,ফরিদপুর অফিস: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।


সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, ফরিদপুর প্রেসক্লাব-এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক

সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেন,“পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি মেনে নেওয়া হবে না। বাজারে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক—এই তিনটি বিষয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা। জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”


তিনি আরও বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জনগণের দেওয়া আস্থা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এছাড়া আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর দিয়ে পুলিশ-প্রশাসনকে সব অপরাধ, বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেন।


আইনশৃঙ্খলা ও উন্নয়ন ইস্যুতে সভায় অন্যান্য বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।


এছাড়া ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীতকরণ, নদীভাঙন রোধ এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি উঠে আসে। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।


সভা শেষে কয়েকজন নাগরিক জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। একজন অভিভাবক বলেন, “রমজান এলে বাজারে চাপ বাড়ে। প্রশাসনের কড়াকড়ি থাকলে আমরা স্বস্তিতে থাকতে পারবো।”


সার্বিকভাবে সভা থেকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

;