ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারাল বাংলাদেশ

প্রকাশ : 12 May 2026
ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জিতল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। 


২৬৮ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পঞ্চম ও শেষ দিনে চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১১৬ রান তুলে ড্রয়ের পথেই ছিল সফরকারীরা। কিন্তু শেষ সেশনে নাহিদ রানার তাণ্ডবে বদলে যায় ম্যাচের চিত্র। একাই নেন ৪ উইকেট। ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই গতি তারকা। ৫২.৫ ওভারে ৪০ রানে ৫ উইকেট নেন নাহিদ। 


নাহিদের বাউন্সারে শাহীন আফ্রিদির গ্লাভসে লেগে বল জমা পড়ে শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে। সেই উইকেটেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও নোমান আলিকেও ফেরান নাহিদ। বাকি উইকেটগুলো ভাগ করে নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। 


এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১, মুমিনুল হকের ৯১ ও মুশফিকুর রহিমের ৭১ রানের ইনিংসে ভর করে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ৮৭, মিরাজ ২৪ ও তাসকিন ১১ রান করেন। পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট নেন। 


২৬৮ রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ইমাম উল হককে ফেরান তাসকিন। এরপর আজান আওয়াইসকে ১৫ রানে ফেরান মিরাজ। অধিনায়ক শান মাসুদকে ২ রানে আউট করেন নাহিদ। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর আব্দুল্লাহ ফজল ৬৬ ও সালমান আঘা ২১ রানে চা-বিরতিতে যান। কিন্তু শেষ সেশনে ৪৭ রানে বাকি ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারে পাকিস্তান। 


এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মে সিলেটে। 


এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় ছিল না বাংলাদেশের। এবারই প্রথম দেশের মাটিতে পাকিস্তানকে হারাল টাইগাররা। 

সম্পর্কিত খবর

;