চামড়া সংরক্ষণ ও পরিচ্ছন্নতায় রাণীশংকৈল আনসার-ভিডিপি।

প্রকাশ : 29 May 2026
চামড়া সংরক্ষণ ও পরিচ্ছন্নতায় রাণীশংকৈল আনসার-ভিডিপি।

মোঃ মহশীন আলী, রংপুর অফিস:পবিত্র ঈদুল আজহা পরবর্তী কোরবানীকৃত পশুর চামড়ার গুণগত মান ঠিক রাখা, সঠিক বাজারমূল্য বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি।

ঈদের দিনসহ অদ্যাবধি পর্যন্ত রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক (টিআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আনসার-ভিডিপির ৫২ জন ভাতাভোগী সদস্য এবং প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানীকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেন।

বর্জ্য অপসারণ কার্যক্রম চলাকালীন টিআই আব্দুর রাজ্জাক কোরবানীর চামড়া সঠিকভাবে সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন-"কোরবানির পরপরই পশুর চামড়া ভালোভাবে পরিষ্কার করে দ্রুত পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার করতে হবে। বিশেষ করে চামড়ার ভাঁজ ও চারপাশের অংশগুলোতে যেন ভালোভাবে লবণ পৌঁছায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।"

তিনি আরও জানান, সাধারণত প্রতি বর্গফুট চামড়ার জন্য প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাম লবণ ব্যবহারের প্রয়োজন হয়। পাশাপাশি চামড়া যাতে কোনোভাবেই রোদে বা অতিরিক্ত গরম স্থানে না রাখা হয় এবং দ্রুত সংরক্ষণ বা বিক্রির ব্যবস্থা করা হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

চামড়া সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণের ওপর জোর দিয়েছে আনসার ও ভিডিপি অফিস। আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি নিজেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত থাকেন বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ করা হলে একদিকে যেমন চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, অন্যদিকে দেশের চামড়াশিল্প লাভবান হওয়ার মাধ্যমে জাতীয় অর্থনীতি আরও মজবুত ও টেকসই হবে।

উল্লেখ্য, কোরবানি ঈদকে সামনে রেখে গত ১৭ মে ২০২৬ তারিখে রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে 'কোরবানি পশু কস্তুরীকরণ ও চামড়া সঠিকভাবে সংরক্ষণ' বিষয়ক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত, রাণীশংকৈল উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ সকল ভাতাভোগী সদস্য-সদস্যাবৃন্দ। সেই সেমিনারের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়েই আজ মাঠ পর্যায়ে এই সফল কার্যক্রম পরিচালনা করা হলো।


সম্পর্কিত খবর

;