১৪ জন অসুস্থ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

প্রকাশ : 01 Jun 2026
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার:  লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। প্রত্যাবাসিতদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।


জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের শিকার হন। ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারসহ বিভিন্ন আটককেন্দ্রে তাদের আটক রাখা হয়েছিল। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ এবং কাউন্সেলর মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিদল মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।


দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় তাদের কঠিন অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে। এর আগেও গত ২৫ মে ১৭০ জনকে এবং এপ্রিলে ১৭৬ জনকে দেশে ফেরত আনা হয়েছিল। দূতাবাস ও আইওএম ভবিষ্যতে অভিবাসনপ্রত্যাশীদের বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছে।

সম্পর্কিত খবর

;