ফরিদপুরের সদরপুরে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশ : 23 Aug 2026
ফরিদপুরের সদরপুরে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ

অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুরে সরকারি খাল ও বিল থেকে ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অবাধে বালু তোলায় খালের পাড়, কৃষিজমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।


সরেজমিনে দেখা যায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের আকোট বাজারের কাছে সরকারি খাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে কাজল নামে এক ব্যক্তি বালু তুলছেন বলে স্থানীয়রা জানান। একই খালের কাজীডাঙ্গী অংশ থেকেও মুন্নাফ শেখ নামে আরেক ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।


অন্যদিকে, চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গ এলাকার ছোট কোল (বিল) থেকেও বালু তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, শাহিন নামে এক ব্যক্তি সেখান থেকে বালু উত্তোলন করে জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশের একটি জমি ভরাট করছেন।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে খালের পাড় দুর্বল হয়ে ভাঙনের সৃষ্টি হতে পারে। এতে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পরিবেশ ও নাব্যতাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


তাদের আরও দাবি, ড্রেজারের পাইপলাইন ও ভারী যন্ত্রপাতি ব্যবহারের কারণে স্থানীয় সড়কও ক্ষতির মুখে পড়ছে। পদ্মাতীরবর্তী এ এলাকায় প্রতিবছর নদীভাঙনে কৃষক ও স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে সরকারি খাল-বিল থেকে প্রকাশ্যে বালু উত্তোলন পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করছেন তারা।


অভিযোগের বিষয়ে মুন্নাফ শেখ মোবাইল ফোনে দাবি করেন, তিনি সরকারি জায়গা থেকে নয়, নদীর পাড়ে নিজের ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলন করছেন। তবে কাজল ও শাহীনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, সরকারি খাল, বিল বা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

;