চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক

প্রকাশ : 23 Sep 2026
চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : চুরি করে পালিয়ে যাবার সময় চোরাই মালামালসহ আপন ভাই ও বোনকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।


ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামে।


আটককৃতরা হলো মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) ও তার আপন ভাই জসিম সরদার (৪০)।


তথ্যের সত্যতা নিশ্চিত করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের জনৈক টিটুর চায়ের দোকানসহ ব্রাহ্মনদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন, আসাদুল ইসলামসহ একাধিক বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে।


বুধবার ভোরে টিটুর দোকানে চুরির ঘটনায় ধারণকৃত  সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুই চোরকে সনাক্ত করা হয়। পরবর্তীতে এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করে এলাকাবাসী।


আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানিয়েছেন, আটককৃত জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি করে নেয়া একটি ডলারসহ নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে চোরাইকৃত পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়। 


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আটককৃতদের গণধোলাই দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোর্পদ করা হয়েছে।


আটককৃতদের বাবুগঞ্জ থানার সোর্পদ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

সম্পর্কিত খবর

;