বিজয়নগরে দফায় দফায় সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশ : 11 Nov 2026
বিজয়নগরে দফায় দফায় সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুল গ্রুপের আক্তার ও রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রের দাবি, এনাম খাঁর সঙ্গে আক্তার ও যুবদল নেতা রুবেলের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে একা পেয়ে আক্তার, রুবেল ও তাদের লোকজন মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।


খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

;