নাগরিক সমাজ

সোশ্যাল মিডিয়ায় নারীকে হয়রানি বন্ধে সচেতনতা বাড়াতে হবে

প্রকাশ : 26 Jan 2026
সোশ্যাল মিডিয়ায় নারীকে হয়রানি বন্ধে সচেতনতা বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার: সোশ্যাল মিডিয়ায় নারীকে হয়রানি বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহার করে নারীদের নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এর থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক হতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) মিলনায়তনে নারী ও মেয়েদের জন্য সহায়ক পরিবেশ তৈরীর লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনিরের সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা-পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন রেডিয়ান পাবলিক স্কুলের চেয়ারম্যান শামীম আল আহসান, লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শিশির মন্ডল প্রমূখ।

সভায় বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি বিভিন্ন রকমের হয়রানির চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন ছোঁয়াচে রোগের মত ছড়িয়ে পড়েছে। নতুন নতুন মাত্রায় নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। নির্যাতন ও নিপীড়ন বন্ধে নারী ও কন্যা শিশুদের বিভিন্ন রকম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। তাদের আয়মূলক কাজে বেশি বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করা জরুরি। আরো বলেন, বর্তমানে স্কুলগুলোকে শিক্ষা অধিদপ্তরের যৌন হয়রানির তথ্য দিতে হবে। কাজেই যৌন হয়রানি কমিটি শক্তিশালী করার কোন বিকল্প নেই। এছাড়া ফেসবুক গ্রুপে হয়রানি ও নির্যাতনে তথ্য দিলে অন্যরা সহযোগিতায় এগিয়ে আসতে পারে।

সভায় অংশগ্রহণকারীরা আগামীতে ইয়ুথ সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি সদস্য, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য, সিএফ সদস্যসহ অন্যান্যদের নিয়ে একটি বড় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাইবার সিকিউরিটি প্রশিক্ষণের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্পর্কিত খবর

;