ক্রিকেট বোর্ডের দুর্নীতির তদন্ত হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ : 13 Jun 2026
ক্রিকেট বোর্ডের দুর্নীতির তদন্ত হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ক্রিকেট বা ফুটবল—কোনো জায়গাতেই অনিয়ম করে পার পাওয়ার সুযোগ থাকবে না।


শুক্রবার ১৩ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবির নতুন পরিচালক ও ক্রিকেটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, বিগত ১৭ বছর এবং শেষ দেড় বছরে ক্রিকেট বোর্ডে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সাথে যোগাযোগ হয়েছে। দুদক ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, তদন্তে কারও বিরুদ্ধে প্রমাণ মিললে তিনি যত প্রভাবশালীই হোন, আইনের মুখোমুখি হতে হবে।


পূর্বাচলের বহুল আলোচিত ক্রিকেট স্টেডিয়াম প্রকল্প নিয়ে তিনি জানান, নির্মাণে পরামর্শক নিয়োগসহ কিছু প্রক্রিয়ায় অনিয়মের আভাস পাওয়া গেছে। বিষয়টি বিসিবি সভাপতিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে আগের প্রক্রিয়া বাতিল করে নতুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।


আমিনুল হক আরও বলেন, পূর্বাচলে শুধু স্টেডিয়াম নয়, একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হবে। কাজের যোগ্যতা বিবেচনা করেই প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। নতুন বোর্ড সভাপতি ও পরিচালকদের আন্তরিকতায় দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

;