‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ : 16 May 2026
‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিকভাবে পূরণ করবে।” একইসঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।


আজ শনিবার দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পথসভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে নতুন বিভাগ গঠন এবং জেলায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীর দাবিকে সমর্থন জানান।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের যৌক্তিক দাবি বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। কুমিল্লা বিভাগের নাম কী হবে, তা ঠিক করবে এই অঞ্চলের মানুষ। জনগণ যদি ‘কুমিল্লা’ নামে বিভাগ চায়, আমরা সেটাই করব।” কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, “কুমিল্লা কৃষিপ্রধান অঞ্চল। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় সময়ের দাবি। আমি ঢাকায় ফিরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব।”


পথসভায় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে কোনো অপশক্তিই উন্নয়নের গতি রোধ করতে পারবে না। জনগণের সমর্থন নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই।”


স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাকে বিভাগ করার দাবি জানিয়ে আসছেন এই অঞ্চলের মানুষ। একইসঙ্গে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে কুমিল্লায় একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জোরালো। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা গেছে।


পথসভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;