কক্সবাজার পাতলী খাল পুনঃখনন উদ্বোধন
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাব। শনিবার, ১৩ জুন সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আর বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। তিনি জানান, এবারের বাজেটে চাল, ডাল, তেল, লবণসহ ৬০টি নিত্যপণ্যের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে যেন দাম না বাড়ে। এর উদ্দেশ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ট্যাক্স কমানো হলেও বিরোধী দল বলছে এই গণবিরোধী বাজেট তারা মানে না। মদের দাম, সিগারেটের দাম বাড়ানো হলেও তাদের পছন্দ নয়। তাহলে তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পাতলী খাল খনন করেছিলেন। এই খাল খননের ফলে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, উপকার পাবে সাড়ে ৮ হাজার কৃষক। এ কারণে সরকার আগামী পাঁচ বছরে ২৩ হাজার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও শিল্প-বাণিজ্যেও গুরুত্ব দিতে হবে। দেশে উৎপাদিত পণ্য সুরক্ষায় বিদেশি একই পণ্যের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে, যাতে স্থানীয় শিল্প সাপোর্ট পায়। এটিও বিরোধী দলের পছন্দ নয়।
‘এ দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, কোনো পরিবার নয়, দেশের মালিক ২০ কোটি জনগণ’— উল্লেখ করে তিনি বলেন, এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। তাই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, স্থানীয় নেতা হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মুষল বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রী ফ্লাইট থেকে নেমে সড়কপথে পিএমখালীতে আসেন। বৃষ্টি উপেক্ষা করে নিজ হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ডিসেম্বরে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে এই খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণে এবার খালটি পুনঃখনন করা হচ্ছে। স্থানীয়দের মতে, খালটি পুনরায় চালু হলে দুই লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী কক্সবাজার সফরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা-থানার উদ্বোধন, চকরিয়ায় জনসভা এবং কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্য ...
স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণ নির্ভরতার বাজেট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম ম ...
ডেস্ক রিপোর্ট: ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্ল ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রচিন্তার গতিপ্রবাহ দেশের জনগণের মতামতে নির্ধারিত হয়। জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম, ইতিহাস ও আকাঙ্ক্ষ ...
সব মন্তব্য
No Comments