সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের বিচারের সম্মুখীন করার দাবি

প্রকাশ : 14 May 2026
হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের বিচারের সম্মুখীন করার দাবি

স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৫টায়, পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলার সভাপতি সুকান্ত সফি চৌধুরী কমল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নুর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটিরি সদস্য সাদেকুর রহমান শামীম।

সমাবেশে সিপিবির নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে হামে ৫০ হাজার শিশু আক্রান্ত। সরকারি তথ্যমতে ৪৩৫ জন শিশু মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি। হাম সারাদেশে মহামারী পর্যায়ে ছড়িয়ে পরেছে। অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনায় গড়িমসি করায় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার তড়িৎ গতিতে যে ধরনের উদ্যোগ নেয়ার কথা ছিলো তা নিতে ব্যর্থ হয়েছে। এখনও দেশের বিভিন্ন এলাকায় শিশুরা এখনো প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম আর শহরের মধ্যে টিকা প্রদানের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, বিশেষভাবে আইসিইউ সেবা কার্যক্রমসহ নানান উদ্যোগের ঘাটতি আছে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের অবহেলায় মৃত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, সময়মতো টিকা না ক্রয় করে, অন্তর্বর্তীকালীন সরকার সীমাহীন অবহেলা প্রদর্শন করেছে। তাদের এই অবহেলায় শিশুমৃত্যু শাস্তিযোগ্য অপরাধ। সরকার ও প্রশাসনের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবহেলা করে অপরাধ করেছে, কিন্তু বর্তমান সরকারের তিন মাসে মৃত্যু রোধ করতে না পারাও উদাসীনতার শামিল। নেতৃবৃন্দ অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করে অনাকাক্সিক্ষত মৃত্যুর মিছিল থামাতে সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

;