পরিচ্ছন্ন জ্বালানির পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ : 25 May 2026
পরিচ্ছন্ন জ্বালানির পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, আজকের উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে, দেশ সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে।


প্রধানমন্ত্রীর অনুরোধে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম প্রকল্পটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক এই ভবনের ছাদে সৌর শক্তি ব্যবহার করে প্রমাণ করা হচ্ছে, নেতৃত্ব নীতির পাশাপাশি বাস্তব কাজেও প্রতিফলিত হতে হবে।


তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন আমাদের প্রতিদিনের বাস্তবতা। তাই টেকসই জ্বালানি এখন পরিবেশগত দায়বদ্ধতার পাশাপাশি অর্থনীতি ও জাতীয় নিরাপত্তারও অংশ।


প্রধানমন্ত্রী জানান, দেশে প্রতিদিন প্রতি বর্গকিলোমিটারে গড়ে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। অসংখ্য ছাদ, শিল্প এলাকা ও উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের এ উদ্যোগ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

সম্পর্কিত খবর

;