লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষারও ব্যবস্থা থাকবে। একই সঙ্গে বিতর্ক, কোরআন তেলাওয়াত, সংগীত, ঐতিহ্যবাহী খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমকে শিক্ষার অংশ করা হবে।
বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেছেন।
সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, শুধু বইভিত্তিক পড়াশোনার ওপর নির্ভর না করে শিক্ষাকে আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে পড়াশোনা ভয়ের বিষয় না হয়ে আনন্দের বিষয় হয়ে উঠবে।
তিনি বলেন, “আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল একটি আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু করা। সেই লক্ষ্যেই জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। খেলাধুলার ওপর লিখিত পরীক্ষা থাকবে, পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।”
প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তারা মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকবে। একই সঙ্গে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকেও তাদের দূরে রাখা সম্ভব হবে।
তিনি জানান, রাজধানীসহ সারা দেশে খেলার মাঠের সংকট দূর করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেখানে খালি সরকারি জমি থাকবে, সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে।
শিক্ষকদের উদ্দেশে আমিনুল হক বলেন, “প্রতিদিনের পাঠদানের শুরুতে অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করুন। একজন শিক্ষার্থী বড় ডিগ্রি অর্জন করলেও যদি তার মধ্যে সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষার প্রকৃত মূল্য থাকে না।”
তিনি বলেন, বর্তমান সমাজে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে আরও বেশি মনোযোগী হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো উসকানিতে বিভ্রান্ত হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে। তোমরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই ভুল পথে পরিচালিত না হয়ে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাজেট বরাদ্দ করেছে। এই বরাদ্দ যেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীর কল্যাণে কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ মইনুল হক এবং বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইসহাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা।
স্টাফ রিপোর্টার: সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার সরবরাহের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার কমে আসছে এবং দুপুরের ক্লান্তি দূর করে শ্রেণিকক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ১৭ আগস্ট ২ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তাপসী রাবেয়া হলের বার্ষিক সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী আজ সোমবার বিকেলে হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এ বছর পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ৫টি ...
সব মন্তব্য
No Comments